আলালের বিদেশ গমনে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৬-২৬ ১৭:০২:৫৯


বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে বিদেশ গমনে বাধা না দিতে সরকারের ইমিগ্রেশন বিভাগকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (২৬ জুন) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আলালের বিদেশ গমনে বাধা সৃষ্টি করাকে কেন অবৈধ এবং সংবিধান পরিপন্থি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আদালতে বিএনপি নেতা আলালের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। তাঁকে সহায়তা করেন অ্যাডভোকেট পারভেজ হোসেন ও অ্যাডভোকেট মো. ওমর ফারুক। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ।

পরে অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, গুরুতর অসুস্থ মোয়াজ্জেম হোসেন আলাল গত ১২ জুন চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁকে কোনো কারণ না দেখিয়েই ফেরত পাঠায়। ইমিগ্রেশন কর্তৃপক্ষের এই আচরণকে চ্যালেঞ্জ করে একটি রিট দায়ের করা হয়।

এম জি