শুদ্ধাচার পুরস্কার পেলেন আইজিপি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-২৭ ২০:৫২:৩৬
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হয়েছেন। সরকার আইজিপিকে শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ শুদ্ধাচার পুরস্কার ২০২০-২১ প্রদান করেছে।
সোমবার (২৭ জুন) সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে আইজিপির হাতে এ পুরস্কার তুলে দেন। শুদ্ধাচার পুরস্কার হিসেবে একটি সার্টিফিকেট, একটি ক্রেস্ট এবং এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থার প্রধানদের মধ্যে শুদ্ধাচার পুরস্কার পাওয়ার গৌরব অর্জন করেন আইজিপি।
আইজিপি পুরস্কার হিসেবে প্রাপ্ত সমুদয় অর্থ দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট ও সুনামগঞ্জ জেলার বন্যাকবলিত মানুষের কল্যাণে প্রদানের ঘোষণা দিয়েছেন।
আইজিপি বাংলাদেশ পুলিশ বাহিনীর এ অর্জনে তার সকল সহকর্মীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। ভবিষ্যতে এ ধরনের অর্জনের লক্ষ্যে সরকারের নেতৃত্বে পুলিশ বাহিনীর সকল সদস্য জনকল্যাণে অধিকতর কর্মনিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন মর্মে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














