‘ব্যর্থতা আড়াল করতে আরও হিংস্র রূপ ধারণ করেছে সরকার’

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-২৮ ২১:৫৪:৪৫


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র পরিচালনার সবক্ষেত্রে নিজেদের ব্যর্থতা আড়াল করতে এবং ‘দুঃশাসন’ টিকিয়ে রাখতেই বিরোধী দল ও মতকে দমনে আওয়ামী লীগ সরকার এখন আরও হিংস্র রূপ ধারণ করেছে।

পুলিশের গুলিতে পঙ্গু হয়ে যাওয়া চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফের সন্ধানের দাবিতে মঙ্গলবার (২৮ জুন) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

সোমবার চট্টগ্রাম আদালতে হাজিরা দিতে গেলে পাঁচলাইশ থানা পুলিশ তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করছে বিএনপি। এখনও পর্যন্ত সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

সাইফুল ইসলাম সাইফকে আটক এবং তার কোনো হদিস না দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, এই ঘটনা আতঙ্কজনক। সাইফুল ইসলাম সাইফকে এভাবে আটক ও গুম করে রাখা নির্মম মনুষ্যত্বহীনতা এবং ভয়ানক অশুভ সঙ্কেত। এর আগেও তাকে হত্যার উদ্দেশ্যে পুলিশ উঠিয়ে নিয়ে গিয়ে পায়ে অস্ত্র ঠেকিয়ে দুই রাউন্ড গুলি করে। তাতে সাইফুল ইসলাম সাইফ চিরতরে পঙ্গু হয়ে যায়। আবারো তাকে একই কায়দায় আটক এবং তার কোনো সন্ধান না পাওয়া গভীর উদ্বেগজনক।

আরেক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম বলেন, বিশ্বের গণধিকৃত সকল স্বৈরাচারকে টেক্কা দিয়ে জনসমর্থনহীন বর্তমান আওয়ামী সরকার অবর্ণনীয় দুঃশাসন জারি রেখেছে। বিএনপি এবং বিরোধী দলগুলোর নেতাকর্মীসহ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তাকে এখন চরম হুমকির মুখে ঠেলে দিয়েছে। ৩০ ডিসেম্বর মহাসমারোহে মধ্যরাতে ভোট ডাকাতির পর সরকারের আশকারায় দুস্কৃতিকারিরা দেশব্যাপী লাগামহীন খুন জখমে মেতে উঠেছে।

এম জি