রাজধানীতে ৫০ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-৩০ ১৫:৫৩:১৯


রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির জনসংযোগ শাখা থেকে বৃহস্পতিবার (৩০ জুন) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (২৯ জুন) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে তিন হাজার ৯২১টি ইয়াবা, ২২ কেজি ৭৩০ গ্রাম গাঁজা, ২৪২ গ্রাম হেরোইন ও ৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।