শিক্ষক হত্যা: আসামি জিতুর ৫ দিনের রিমান্ড
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-৩০ ১৯:০৭:৩৩
ঢাকার আশুলিয়ায় ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে পিটিয়ে শিক্ষক হত্যার ঘটনায় অভিযুক্ত ছাত্র আশরাফুল আহসান জিতুর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৩০ জুন) মামলার তদন্ত কর্মকর্তা এসআই এমদাদুল হক আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসান তার ৫ দিনের রিমান্ডের আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল এসব তথ্য জানিয়েছেন।
শনিবার (২৫ জুন) দুপুরে সাভারের হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে ছাত্রীদের ফুটবল খেলা চলছিল। প্রভাষক উৎপল মাঠের এক পাশে দাঁড়িয়ে খেলা দেখছিলেন। এ সময় ওই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র আশরাফুল ইসলাম জিতু ক্রিকেটের স্ট্যাম্প নিয়ে এসে উৎপলকে বেধড়ক পেটাতে শুরু করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে আইসিউতে রাখা হয়। মৃত্যুর সঙ্গে লড়ে সোমবার সকালে তিনি মারা যান।
রোববার আশুলিয়া থানায় নিহত শিক্ষকের ভাই অসীম কুমার সরকার বাদী হয়ে জিতুসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার কুমারখালী থানা এলাকা থেকে জিতুর বাবা উজ্জ্বলকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। বুধবার আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














