সাবেক মন্ত্রী ও ছেলেকে নিয়ে সংবাদ, দীপ্ত টিভির এমডিসহ কারাগারে ৪
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৭-১৮ ১৮:৩০:৫২
ছয় বছর আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারায় করা এক মামলায় কাজী ফার্মস গ্রুপ ও বেসরকারি টেলিভিশন দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী জাহেদুল হাসানসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এবং তার ছেলেকে নিয়ে দীপ্ত টেলিভিশনে একটি সংবাদ প্রকাশের জেরে ছয় বছর আগে মামলাটি করা হয়।
সোমবার (১৮ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবিরের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আসামিরা। জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
বাকি আসামিরা হলেন- দীপ্ত টিভির পরিচালক কাজী জাহিন হাসান, চিফ অপারেটিং অফিসার কাজী উরফী আহমদ ও চট্টগ্রাম প্রতিনিধি রুনা আনসারী।
চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী জানান, সোমবার বিচারক জহিরুল কবির এই আদেশ দেন।
এর আগে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে হাজির হওয়ার শর্তে গত ৫ জুন উচ্চ আদালত তাদের ছয় সপ্তাহের জামিন দিয়েছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৬ ও ২২ মার্চ দীপ্ত টিভিতে তৎকালীন মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও তার ছেলে মুজিবর রহমানকে নিয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়। এতে তাদের সম্মানহানি হওয়ার অভিযোগ তুলে একই বছরের ৫ এপ্রিল তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় চট্টগ্রাম চকবাজার থানায় মামলাটি করা হয়। মামলাটি করেন সানোয়ারা গ্রুপের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম।
মামলায় কাজী জাহেদুল হাসান, কাজী জাহিন হাসান, কাজী উরফি আহমেদ ও টেলিভিশন চ্যানেলটির চট্টগ্রাম প্রতিবেদক রুনা আনসারীকে আসামি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, দীপ্ত টেলিভিশন ২০১৬ সালের ১৬ মার্চ মন্ত্রী ও তার ছেলে মুজিবুর রহমানকে নিয়ে মানহানিকর মিথ্যা সংবাদ পরিবেশন করে। সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়েছিল, মন্ত্রীর ছেলের ইন্ধনে জেলার চন্দনাইশে কাজী ফার্মস কর্মীদের ওপর হামলা চালানো হয়। অথচ ঘটনার সঙ্গে তারা জড়িত নন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













