ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৮০ রোগী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-৩১ ২১:২৫:৫৮
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশে আরও ৮০ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত সারাদেশে নতুন করে আরও ৮০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৫৭ জন ঢাকার বাসিন্দা এবং বাকি ২৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এতে আরও বলা হয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৩২৮ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ২৫৫ জন এবং ঢাকার বাইরে ৭৩ জন চিকিৎসাধীন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই হাজার ৬৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়েছেন দুই হাজার ৩২২ জন। চলতি বছরে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। এরমধ্যে মৃত্যু হয় ১০৫ জনের।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














