বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরিতে জাপানের সঙ্গে কাজ করবে ডিএসসিসি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-০২ ২০:০২:৩২
বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদনে জাপানের ফুকুওকা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। এছাড়া পর্যটন শিল্পের বিকাশ ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে ঢাকা ও সিঙ্গাপুরের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মঙ্গলবার (২ আগস্ট) সিঙ্গাপুরের মেরিনা স্যান্ডস বে হোটেলে মেয়র তাপসের সঙ্গে সিঙ্গাপুরের জাতীয় উন্নয়ন মন্ত্রী ও সামাজিক সেবা সমন্বয়করণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী ডেসমন্ড লি এবং জাপানের ফুকুওকা শহরের মেয়র সোইচিরো তাকাসিম মধ্যকার পৃথক দ্বিপক্ষীয় বৈঠকে এই আশাবাদ জানানো হয়।
বৈঠকে মেয়র তাপস একটি টেকসই ও জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনার লক্ষ্যে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা প্রণয়নে নেয়া উদ্যোগ সম্পর্কে জানান। এ উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে সিঙ্গাপুরের উন্নয়নমন্ত্রী বলেন, এ ধরনের পরিকল্পনা ও সেটার যথার্থ বাস্তবায়ন নগর ব্যবস্থাপনার জন্য জরুরি। এর মাধ্যমে ঢাকা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কাটিয়ে ওঠার পাশাপাশি জলবায়ু অভিঘাত সহনশীল ও আধুনিক নগরী হিসেবে গড়ে উঠবে।
বৈঠকে পর্যটন শিল্পের বিকাশে ঢাকা ও সিঙ্গাপুরের সম্পর্ক আরো জোরদারের বিষয়ে মেয়র তাপস ও ডেসমন্ড লি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া ঢাকা-সিঙ্গাপুর বাণিজ্য বৃদ্ধি সংক্রান্ত নানাবিধ বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়।
ঢাকাসহ সারাদেশের অবকাঠামো উন্নয়ন ও অর্থনীতির বিকাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশের সামগ্রিক চিত্র তুলে ধরেন মেয়র তাপস। পরে মেয়র তাপস জাপানের ফুকুওকা শহরের মেয়র সোইচিরো তাকাসিমার সঙ্গে বৈঠক করেন। দুই মেয়র নগরীর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আলাপ করেন।
ফুকুওকার মেয়র বর্জ্য হতে বিদ্যুত ও সার উৎপাদনের পাশাপাশি অন্যান্য উপজাতগুলোর ব্যবস্থাপনা কার্যক্রম তুলে ধরেন। মেয়র তাপস ফুকুওকার মেয়রকে ধন্যবাদ জানিয়ে দুই শহরের অংশীদারত্ব জোরদারে আশাবাদ ব্যক্ত করেন এবং ফুকুওকার মেয়রকে ঢাকা পরিদর্শনের আমন্ত্রণ জানান। ফুকুওকার মেয়রও আমন্ত্রণ গ্রহণ করেন এবং ডিএসসিসি মেয়রকে ফুকুওকা পরিদর্শনের আমন্ত্রণ জানান।
এরপর মেয়র তাপস সিঙ্গাপুরের আরবান রিডেভেলপমেন্ট অথরিটির সিইও প্রকৌশলী হুই লিমের সঙ্গেও বৈঠক করেন। এ সময় উপস্থিত ছিলেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. তৌহিদুল ইসলাম ও মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মারুফুর রশিদ খান।
উল্লেখ, গত ৩১ জুলাই সিঙ্গাপুরের মেরিনা স্যান্ডস বে হোটেলে ৪ দিনের ওয়ার্ল্ড সিটিজ সামিট-২০২২ শুরু হয়। আগামী ৩ আগস্ট ওয়ার্ল্ড সিটিজ সামিট-২০২২ শেষ হবে। সামিটে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকাসহ ৬০ দেশের মেয়ররা অংশ নিচ্ছেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














