ভোলায় সংঘর্ষে আহত জেলা ছাত্রদলের সভাপতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-০৩ ১৬:২৫:২২


ভোলায় পুলিশের সঙ্গে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম মারা গেছেন। এনিয়ে সংঘর্ষের ঘটনায় দু‘জনের মৃত্যু হলো। বুধবার (৩ আগষ্ট) বিকেল ৩টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভোলা জেলা বিএনপির কেন্দ্রী স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বাদ মাগরিব নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

গত রবিবার (৩১ জুলাই) সারাদেশে লোডশেডিং ও জ্বালানি অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলায় আয়োজিত বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাধা দেওয়ায় এ সংঘর্ষ হয়। ওই দিনই স্বেচ্ছাসেবক দলের সদস্য আবদুর রহিম নিহত হন। এতে পুলিশ ও বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন।

এ ঘটনায় পুলিশ নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা চার শতাধিক নেতাকর্মীর নামে আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে।

এএ