বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী আমেরিকার এক্সিম ব্যাংক
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-০৩ ২১:৪৫:০৯
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে আমেরিকার এক্সিম ব্যাংক। ওয়াশিংটনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে আমেরিকার এক্সপোর্ট ইমপোর্ট (এক্সিম) ব্যাংক কর্তৃপক্ষ বাংলাদেশে নৌ পরিবহনসহ অন্যান্য সেক্টরে বিনিয়োগের বিষয়ে আগ্রহের কথা জানিয়েছে।
বুধবার (৩ জুলাই) নৌ পরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক্সিম ব্যাংকের প্রেসিডেন্ট এবং চেয়ারম্যান, এক্সিম বোর্ড অব ডিরেক্টরস মিস রেটা জো লুইস গত মঙ্গলবার (২ আগস্ট) নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির সঙ্গে এক্সিম ব্যাংকে সাক্ষাতকালে এ আগ্রহের কথা ব্যক্ত করেন।
এক্সিম ব্যাংকের আমন্ত্রণে প্রতিমন্ত্রী ব্যাংকটি সফর করছেন। এক্সিম ব্যাংকের প্রেসিডেন্ট প্রতিমন্ত্রীকে স্বাগত জানান। পরে দুপক্ষ মতবিনিময় সভায় মিলিত হয়। এক্সিম ব্যাংকের পক্ষে প্রেসিডেন্টের সাথে ভাইস প্রেসিডেন্টরা এবং বাংলাদেশের পক্ষে প্রতিমন্ত্রীর সাথে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডোর সাদেক, ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের ইকোনোমিক মিনিস্টার, মন্ত্রণালয়ের উপসচিব মোস্তফা কামাল ও আবরাউল হাছান মজুমদার, আয়োজক প্রতিষ্ঠান ইউএস ট্রেড অ্যান্ড ডেভেলাপমেন্ট এজেন্সির (ইউএসটিডিএএ)দক্ষিণ এশিয়ার রিপ্রেজেন্টেটিভ মেহনাজ আনসারীসহ বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা যোগদান করেন।
উল্লেখ্য, নৌপরিবহন প্রতিমন্ত্রী ইউএসটিডিএ’র আমন্ত্রণে এবং ইউএসটিডিএ আয়োজিত ‘বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটারওয়েজ ম্যানেজমেন্ট রিভার্স ট্রেড মিশনে’ অংশ নিতে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করছেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














