ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ৯১ রোগী
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-০৪ ১৯:২০:৫১
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময় এই জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১ জন। এদিকে সারাদেশে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন মোট ৩৪৮ জন ডেঙ্গুরোগী।
বৃহস্পতিবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ৬৭ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মাঝে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন ১১ জন। আর ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন ২৪ জন।
৩৪৮ জন ডেঙ্গুরোগীর মধ্যে ঢাকার ৪৭টি সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৬৩ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ হাজার ৯৮০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ হাজার ৬১৯ জন।
এসময় ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪৮৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ২২০ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪৯৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯৯ জন।
এদিকে এ বছর ডেঙ্গুতে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।
২০২০ সালে করোনা সংক্রমণের সময় ডেঙ্গুর প্রভাব তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














