‘সেপ্টেম্বরে মাঠে নামবো, পালোনোর পথ পাবে না বিএনপি’
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৮-০৫ ১৬:০২:০৭
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহামুদ বলেছেন, বিএনপি এখন ষড়যন্ত্র করছে। তাদেরকে প্রতিহত করতে হবে। তারা যদি অতীতের মতো জানমাল নিয়ে ছিনিমিনি খেলে, পেট্রোল বোমা নিক্ষেপ করে তাহলে তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।
তথ্যমন্ত্রী বলেন, আগস্ট শোকের মাস হওয়ায় আমরা কর্মসূচী পালন করছি। কিন্তু সেপ্টেম্বরে আমরা মাঠে নামবো, বিএনপি পালোনোর পথ পাবে না।
শুক্রবার (৫ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭৩তম জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটি আয়োজিত কৃষকদের মধ্যে বীজ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শেখ কামাল ছিলেন একজন দক্ষ ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক। আজকে তিনি বেঁচে থাকলে এসব ক্ষেত্রে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেত।
বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে দলটির সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন, উপ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সায়েম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। পরে বঙ্গবন্ধু, শেখ কামাল ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














