চীনের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন আজ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-০৬ ০৯:৪৭:১৮


চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দুদিনের সফরে বাংলাদেশে আসছেন। আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগদান শেষে কম্বোডিয়া থেকে আজ শনিবার সকালে ঢাকা আসবেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। শোকের মাস সত্ত্বেও চীনা পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্যে শনিবার রাতে সীমিত পরিসরে নৈশভোজের আয়োজন করবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তাইওয়ান ইস্যুতে তীব্র উত্তেজনার মধ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এ ব্যাপারে ঢাকাকে পাশে চাইতে পারেন ওয়াং ই। অপরদিকে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বেইজিংয়ের আরও জোরালো ভূমিকা চাইতে পারে বাংলাদেশ। দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে দুদেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে।

পরিবর্তিত বিশ্বে চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মেরুকরণে বাংলাদেশকে চীনের পাশে চাইতে পারে বেইজিং। সফরকালে দুদেশের মধ্যে ৫ থেকে ৭টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে। দুর্যোগ ব্যবস্থাপনায় হার্ডওয়্যার ও সফটওয়্যার সরঞ্জাম সরবরাহ সংক্রান্ত একটি চুক্তি চূড়ান্ত হয়েছে। অবশিষ্ট চুক্তি ও এমওইউ চূড়ান্ত করার কাজ চলছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রীর সফর প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বৃহস্পতিবার বলেন, সফরকালে একাধিক এমওইউ এবং চুক্তি সই হওয়ার কথা রয়েছে। কিছু কিছু নবায়ন আছে, কিছু আছে নতুন সহায়তা চুক্তি। বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে সহযোগিতা চুক্তি চূড়ান্ত হয়েছে। অবশিষ্ট চুক্তি ও এমওইউ চূড়ান্ত করার কাজ চলছে। যেসব চুক্তি ও এমওইউ চূড়ান্ত করা সম্ভব হবে সেগুলো সই হবে।

এসব চুক্তি এবং এমওইউ বাস্তবায়নে চীনের কাছ থেকে নতুন কী পরিমাণ ঋণ নেওয়া হবে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নতুন ঋণ অবশ্যই নেওয়া হবে। তবে কী পরিমাণ ঋণ নেওয়া হবে সেটা এখনো বলা যাচ্ছে না। কারণ চুক্তি ও এমওইউ এখনো চূড়ান্ত হয়নি।

এনজে