কাঁচা মরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-১০ ১৩:২৭:৪০


বর্ষায় আবাদ ‘কম হওয়ায়’ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে সরবরাহে ঘাটতি থাকায় চলতি সপ্তাহে রাজধানীর বাজারগুলোতে আরও ১০০ টাকা বেড়েছে কাঁচা মরিচের দাম।

আজ শনিবার রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার, মগবাজার, মালিবাগ, রামপুরা, মেরুল বাড্ডা কাঁচাবাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়। একটু নিম্নমানের কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজিতে। একদিন আগেও এই মানের কাঁচামরিচ বিক্রি হয়েছে ২০০ টাকায়। ফলে সাধারণ ক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে চরম ক্ষোভ।

রামপুরা কাঁচা বাজারের সবজি বিক্রেতা শাহ জালাল বলেন, “হঠাৎ করে বাজারে কাঁচা মরিচের আমদানি (সরবরাহ) অনেক কমে গেছে। আমরা কারওয়ান বাজার থেকে পাল্লা হিসেবে (৫ কেজি) পাইকারি দরে কাঁচা মরিচ কিনে থাকি।

বিক্রেতা আরও বলেন, পাইকারি বাজারে একটু ভালো মানের কাঁচামরিচের পাল্লা বিক্রি হচ্ছে ১২০০ টাকায়। এই মরিচ গতকাল বিক্রি হয়েছিল ৯৪০ টাকায়। অর্থাৎ একদিনের ব্যবধানে পাল্লা প্রতি দাম বেড়েছে ২৬০ টাকা।

অন্যদিকে কালো জাতের কাঁচামরিচ আজ পাইকারি বিক্রি হচ্ছে ১১০০ টাকা পাল্লা। এই মরিচ আগের দিন বিক্রি হয়েছিল ৮৮০ টাকা পাল্লায়। অর্থাৎ পাইকারি বাজারে পাল্লা প্রতি দাম বেড়েছে ২২০ টাকা।

আড়ৎদাররা বলছে, জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচ বেড়েছে। একইসঙ্গে মহরমের ছুটির কারণে মরিচ আমদানি কমেছে। এই কারণে দাম আরেক দফা বেড়েছে। বাজারে মরিচ কম। সরবরাহ কম থাকায় দাম বেড়েছে।

সানবিডি/এমআর