‘আওয়ামী লীগ রাজপথে নামলে বিএনপি অলিগলিও খুঁজে পাবে না’
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-১২ ১৪:৩৫:০৮
বিএনপি পরিকল্পিত ভাবে অপরাজনীতির মাধ্যমে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ কর্মীরা মাঠে নামলে রাজপথ নয়, বিএনপি অলিগলিও খুঁজে পাবে না।
শুক্রবার (১২ আগস্ট) সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।
বিএনপি নেতারা তাদের কর্মীদের রাজপথ দখলের নির্দেশ দেওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাজপথ কারো পৈত্রিক সম্পত্তি নয়, রাজপথ জনগণের সম্পদ, কাজেই অতীতের মতো আবারও যদি তারা রাজপথ দখলের নামে, বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।
আওয়ামী লীগকে অচীরেই রাজপথে দেখা যাবে এমনটা জানিয়ে ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, বিএনপির হাঁকডাক লোক দেখানো, কর্মীদের চাঙ্গা রাখার অকৌশল মাত্র, তাদের এসব ব্যর্থতা ঢাকার কৌশলী অপপ্রয়াস ছাড়া আর কিছু নয়।
বিএনপি চায় সরকারে গিয়ে আবার লুটপাটের অবাধ সুযোগ সৃষ্টি করতে,আবার হাওয়া ভবন তৈরি করে দেশের অমিত সম্ভাবনার পথ রুদ্ধ করে অন্ধকার পথে হাঁটতে এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন জনগণ তাদের সে সুযোগ আর কখনো দেবে না।
জনগণের প্রতি আস্থাহীন এক রাজনৈতিক দল বিএনপি, দাবি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের, বলেন তাদের রাজনৈতিক মেরুদণ্ড অত্যন্ত ভঙ্গুর। তিনি বলেন বিএনপি ক্ষমতায় যেতে চায় কিন্তু নির্বাচনে যেতে ভয় পায়। বিএনপি মহাসচিব নির্বাচিত হয়ে সংসদে যাবেন না, আবার অন্যদের সংসদে পাঠাবেন।
আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়াই বিএনপির জন্য মঙ্গল উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরও বলেন, সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এসব দিবাস্বপ্ন দেখে কোনো লাভ নেই।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














