বেজায় চাইনিজ ইকোনমিক জোন স্থাপনে সমঝোতা চুক্তি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-১২ ১৫:৫৫:১৪
চাইনিজ ইকোনমিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল জোন স্থাপনের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এবং চীনের স্বনামধন্য প্রতিষ্ঠান China Road and Bridge Corporation-এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে ।
বৃহস্পতিবার (১২ আগস্ট) বেজা কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমঝোতা স্মারক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত Mr. Li Jiming. এছাড়া আরো উপস্থিত ছিলেন China Road and Bridge Corporation(CRBC)-এর ভাইস প্রেসিডেন্ট Mr. Zhao Lianzhi।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন। এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে চাইনিজ ইকোনমিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের উন্নয়নের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। অর্থনৈতিক অঞ্চলটি পরিচালনার জন্য কোম্পানী গঠনসহ অন্যান্য প্রক্রিয়া পর্যায়ক্রমে শুরু হবে।
উল্লেখ্য, ২০১৪ সালের জুন মাসে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরকালে চীনা সরকার বাংলাদেশের চট্টগ্রামে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও শিল্পাঞ্চল স্থাপনের আগ্রহ ব্যক্ত করে। এরই প্রেক্ষাপটে চীন সরকারের বাণিজ্য মন্ত্রণালয় ও বেজা’র মধ্যে চাইনিজ ইকোনমিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল জোন স্থাপনের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চাইনিজ ইকোনমিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল জোন স্থাপনে চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় ৭৮৩ একর জমি অধিগ্রহণ করা হয়েছে এবং প্রকল্পে ০২টি সংযোগ সড়কসহ অন্যান্য ইউটিলিটি স্থাপনের কাজ শেষ হয়েছে। চাইনিজ ইকোনমিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ) -এর অফ সাইট অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে ইতোমধ্যে বেজা পরিকল্পনা গ্রহণ করছে। এরই ধারাবাহিকতায় আজ এই জিটুজি জোন উন্নয়নে বেজা ও চায়না রোড এন্ড ব্রিজ করপোরেশনের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
অনুষ্ঠানে বেজা’র পক্ষে চুক্তি স্বাক্ষর করেন নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন এবং চীনের China Road and Bridge Corporation-এর পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট Mr. Zhao Lianzhi।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন এ চুক্তি স্বাক্ষরের সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ উদ্যোগ এক বিশাল কর্মযজ্ঞের সূচনামাত্র এবং একটি পরিকল্পিত চাইনিজ অর্থনৈতিক অঞ্চল তৈরীর মাধ্যমে তার সফল পরিসমাপ্তি ঘটবে। তিনি চীন সরকার ও CRBC-কে এ কর্মকান্ডের অংশীদার হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত Mr. Li Jiming বলেন, বাংলাদেশ ইতোমধ্যে অর্থনৈতিক উন্নয়নের একটি ধারা প্রশংসনীয়ভাবে অর্জন করেছে। তিনি বলেন, চীন সরকার ও তার জনগণ সার্বিকভাবে বাংলাদেশের এই উন্নয়নের সাথে কাঁধে কাধ মিলিয়ে কাজ করতে চায়। তিনি আরো বলেন, জি টু জি উদ্যোগের আওতায় চাইনিজ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের এই নবতর যাত্রায় অংশীদার হতে পেরে চীন অত্যন্ত গর্বিত। তিনি উল্লেখ করেন, এই অর্থনৈতিক অঞ্চলকে একটি পূর্ণতা দানে তার সরকার দ্রুত কাজ করতে বদ্ধ পরিকর।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং বেজার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














