বাজার কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-১৬ ১৯:১৯:০৭


অনিয়ম বা কারসাজি করে বাজারে অস্থিশীল পরিবেশ তৈরির জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মঙ্গলবার (১৬ আগস্ট) রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন আয়োজিত ‘ব্যবসা-বাণিজ্যে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিতকরণে অংশীজনের ভূমিকা’ শীর্ষক সেমিনারে মন্ত্রী এ নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে তিনি প্রতিযোগিতা কমিশনকে নজরদারি বাড়াতে বলেছেন।

টিপু মুনশি বলেন, ‘এখন আর একচেটিয়া ব্যবসার সুযোগ নেই। বাজার যাতে প্রতিযোগিতামূলক থাকে সেজন্য কমিশন গঠন করা হয়েছে। কোনো অসাধু ব্যবসায়ী কারসাজি বা অনিয়ম করে বাজার প্রভাবিত করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রতিযোগিতা কমিশন। দেশের মানুষ ন্যায্য দামে পণ্য কিনতে পারলে তবেই কমিশন গঠনের উদ্যোগ স্বার্থক হবে।’

ভোক্তাদের সচেতন করতে কমিশনকে জেলা, উপজেলা ও তৃণমূল পর্যায়ে প্রচার চালানোর পরামর্শ দেন তিনি।

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কমিশনের সদস্য ড. এ এফ এম মনজুর কাদির ও নাসরিন বেগম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমিশনের সদস্য জি এম সালাউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, বাংলাদেশ পুলিশের রংপুর বিভাগের ডিআইজি আবদুল আলীম মাহমুদ, রংপুর মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম, রংপুর উইমেন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট বেগম আখতার জাহান ও রংপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মোসাদ্দেক হোসেন বাবলু।

এর আগে বাণিজ্যমন্ত্রী রংপুর পৌরসভা আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ‘রংপুরে বঙ্গবন্ধু’ শিরোনামের স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।

এএ