ওয়াসার কর্মীদের উৎসাহ বোনাসে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-১৬ ২১:২১:৩২
ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের ২০২০-২১ অর্থবছরে মূল বেতনের সমপরিমাণ অর্থে সাড়ে তিনটি উৎসাহ বোনাস প্রণোদনা হিসেবে দেওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৬ আগস্ট) বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।
গত ৩১ জুলাই ঢাকা ওয়াসায় এই উৎসাহ বোনাস দেওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে জনস্বার্থে হাইকোর্টে এ রিটটি করেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন। রিটে ‘পারফরম্যান্স অ্যাওয়ার্ড’ প্রণোদনা দেওয়ার কার্যক্রম বাতিলের নির্দেশনা চাওয়া হয়।
রিটে বলা হয়, ঢাকা ওয়াসা ভোক্তাদের কাছে অতিরিক্ত দামে পানি বিক্রি করে সেই টাকায় বিশেষ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা জনস্বার্থবিরোধী।
গত ২৭ এপ্রিল ঢাকা ওয়াসা বোর্ডের ২৯১তম সভায় উৎসাহ বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়। করোনা পরবর্তী ২০২০-২১ অর্থবছরের পারফরম্যান্সের জন্য ঢাকা ওয়াসার স্থায়ী, চুক্তিভিত্তিক ও প্রেষণে নিয়োজিত কর্মকর্তা এবং কর্মচারীদের তিনটি মূল বেতনের সমপরিমাণ অর্থ বোনাস দেওয়া হবে।
আর গত ২৫ জানুয়ারি ২৮৬তম সভায় কর্মীদের একটি মূল বেতনের অর্ধেক ইন্টেরিম (অন্তর্বর্তীকালীন) পারফরম্যান্স বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়।
২০২০-২১ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে ঢাকা ওয়াসা প্রথম স্থান অর্জন করায় এই বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয় এ দুই বোনাস বাবদ ব্যয় হবে ১৯ কোটি টাকা।
সরকারের ভর্তুকিতে চলা ঢাকা ওয়াসার নিয়মিত বেতন-ভাতার বাইরে এমন বোনাস ঘোষণা নিয়ে প্রশ্ন উঠেছে। পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে রিট দায়ের করা হয়।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













