আমিরাতে পোশাক উৎপাদনে বাংলাদেশিদের একচেটিয়া বাজার
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-১৮ ১৫:১৬:১৬
বাংলাদেশি উদ্যোক্তাদের হাত ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে সুঁই সুতো আর আধুনিক যন্ত্রপাতির মেলবন্ধনে প্রতিদিন তৈরি হচ্ছে লাখো কোটি তৈরি পোশাক। দীর্ঘদিন ধরে আমিরাতের এই প্রদেশে পোশাক উৎপাদনের একচেটিয়া বাজার ধরে রেখেছেন বাংলাদেশিরা। ছোট পরিসরে ব্যবসা শুরু করলেও ক্রমান্বয়ে ব্যবসায় সফলতা পেয়েছেন অনেকে।
ব্যবসায়ীরা জানান, আমিরাতের তৈরি পোশাক উৎপাদনের অন্যতম বড় বাজার এটি। যেখানে প্রায় ২ হাজার গার্মেন্টস ব্যবসায়ীসহ প্রায় ১০ হাজারের অধিক বাংলাদেশি কর্মী এ শিল্পে জড়িত। আজমানের এক বাজারেই রয়েছে বাংলাদেশিদের প্রায় ৫ শতাধিক তৈরি পোশাক প্রতিষ্ঠান।
এ ছাড়াও রপ্তানিকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের আলাদা শ্রেণিবিন্যাস আছে এখানে। দেশ থেকে সরাসরি তৈরি পোশাক বাজারজাত করেও এ ব্যবসায় আধিপত্য ধরে রেখেছেন অনেক বাংলাদেশি। এসব প্রতিষ্ঠানে প্রতিমাসে ২৫ কোটি টাকার মতো ব্যবসায়িক টার্নওভার হয়। এখান থেকে প্রতিমাসে দেশে কয়েক কোটি টাকা রেমিট্যান্স যায়।
দেখা গেছে, দেশটির আজমান শহরে তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান ছাড়াও রয়েছে বাংলাদেশিদের বৃহত্তর একটি পাইকারি বাজার। স্থানীয়ভাবে এটি ‘বাঙালি মার্কেট’ নামে পরিচিত। প্রতিবছর বাংলাদেশের বিভিন্ন গার্মেন্টস থেকে প্রায় ১০০ কোটি টাকার পণ্য আসে এ বাজারে। এখানে তৈরি পোশাক কেন্দ্রীক বাংলাদেশিদের প্রায় পাঁচ শতাধিক পাইকারি প্রতিষ্ঠান রয়েছে। ছোট পাইকারি প্রতিষ্ঠানগুলো মাসে ৫-১৫ হাজার পিস পোশাক আমদানি করলেও বড় পাইকারদের আমাদানির পরিমাণ এক থেকে দেড় লাখ পিস ছাড়িয়ে যায়। দেশটির খুচরা ব্যবসায়ীরা এ পাইকারি বাজার থেকে পণ্য কিনে ভোক্তা চাহিদা মেটান। আমিরাতের চাহিদা পূরণ করে এসব তৈরি পোশাক পুনরায় রপ্তানি হয় সৌদি আরব, ইরান, ওমান, মিশর, তুর্কি সহ বেশ কিছু দেশে। এ ছাড়া আফ্রিকা থেকেও অনেক ব্যবসায়ী আসেন এই বাজারে। তারা বাংলাদেশ থেকে আমদানিকৃত তৈরি পোশাক নিজ দেশে পুনরায় আমদানি করেন। এতে করে পাইকারি ব্যবসায়ীদের মুনাফা বাড়ে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














