এক সপ্তাহে ৩ শতাংশ কমেছে স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-২১ ১২:০১:২২


বৈশ্বিক বাজারে গেলো এক সপ্তাহে বড় ধরনের পতন ঘটেছে মূল্যবান ধাতু স্বর্ণের দামে। এক সপ্তাহেই প্রতি আউন্স স্বর্ণের দাম ৫৫ ডলার বা ৩ শতাংশ কমে গেছে। স্বর্ণের পাশাপাশি বিশ্ববাজারে রুপা ও প্লাটিনামের দামেও বড় পতন হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে রুপার দাম কমেছে প্রায় সাড়ে ৮ শতাংশ। আর প্লাটিনামের দাম কমেছে প্রায় ৭ শতাংশ।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বিশ্ববাজারে দাম কমার প্রেক্ষিতে এরই মধ্যে দেশের বাজারেও স্বর্ণের দাম কমিয়েছে । তবে বিশ্ববাজারে যে হারে দাম কমেছে, বাংলাদেশ কমানো হয়েছে তার থেকে কম হারে। সম্প্রতি দেশের বাজারে স্বর্ণের দাম কামানো হয়েছে ২ দশমিক ৭০ শতংশ।

গত সপ্তাহে বিশ্বেবাজারে লেনদেন শুরু হওয়ার আগে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ১ হাজার ৮০১ দশমিক ৮২ ডলার। যা কমে এখন দাঁড়িয়েছে ১ হাজার ৭৪৬ দশমিক ৫০ ডলারে। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে ৫৫ দশমিক ৩২ ডলার বা ৩ দশমিক শূন্য ৭ শতাংশ। এর মধ্যে সপ্তাহের শেষ কার্যদিবস শুক্রবারেই কমেছে ১১ দশমিক ৭০ ডলার বা দশমিক ৬৭ শতাংশ।

অপরদিকে গত এক সপ্তাহে রুপার দাম ৮ দশমকি ৪২ শতাংশ কমে প্রতি আউন্স ১৯ দশমিক ৬ ডলারে নেমে এসেছে। এর মধ্যে সপ্তাহের শেষ কার্যদিবসেই দাম কমেছে ২ দশমিক ৩৭ শতাংশ। আর প্লাটিনামের দাম সপ্তাহের ব্যবধানে কমেছে ৬ দশমিক ৯১ শতাংশ। এতে প্রতি আউন্স প্লাটিনামের দাম দাঁড়িয়েছে ৮৯৫ কোটি ৯৫ লাখ টাকায়।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক অস্থিরতা দেখা যাচ্ছে। হুট করে স্বর্ণের দামে বড় উত্থান, এরপর আবার বড় দরপতনের ঘটনা ঘটছে গত কয়েক মাস ধরেই। যার প্রেক্ষিতে দেশের বাজারেও হুটহাট স্বর্ণের দাম বাড়ছে বা কমছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত ছয় মাসে দেশের বাজারে ১৭ বার স্বর্ণের দাম বাড়া বা কমার ঘটনা ঘটেছে।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ২৭৫ টাকা কমিয়ে ৮২ হাজার ৫৬ টাকা করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ৭৮ হাজার ৩২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮৬৭ টাকা কমিয়ে ৬৭ হাজার ১২৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯২ টাকা কমিয়ে ৫৫ হাজার ২৮৭ টাকা করা হয়েছে। বর্তমানে এ দামেই দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে।

এনজে