ভোমরায় জুলাইয়ে ২১ কোটি টাকা রাজস্ব ঘাটতি
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৮-২২ ০৯:৩২:৫৬
দেশে চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে ভোমরা স্থলবন্দরে চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাসেই মোটা অংকের রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব ঘাটতির পরিমাণ প্রায় সাড়ে ২১ কোটি টাকা। তবে আগামীতে ব্যবসা-বাণিজ্য ভালো গেলে এ ঘাটতি থাকবে না বলে আশা করছেন বন্দরসংশ্লিষ্টরা।
এ বিষয়ে ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গিয়েছে, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৬৬ কোটি ১৫ লাখ টাকা। এ লক্ষ্যের বিপরীতে গত জুলাইয়ে রাজস্ব আদায় হয়েছে ৪৪ কোটি ৭৪ লাখ টাকা। লক্ষ্যমাত্রা অনুযায়ী যা ২১ কোটি ৪১ লাখ টাকা ঘাটতি। তবে গত অর্থবছরের প্রথম মাসের তুলনায় ২২ লাখ টাকা রাজস্ব বেশি আদায় হয়েছে। সূত্রটি জানায়, গত অর্থবছরের প্রথম মাসে এ বন্দরে রাজস্ব আদায় হয় ৪৪ কোটি ৫২ লাখ টাকা।
ভোমরা স্থলবন্দর ব্যবহারকারী সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী দিলওয়ার নওশাদ রাজু জানান, ভৌগোলিক দিক থেকে ভোমরা বন্দরের যে অবস্থান তাতে রাজস্ব আয় অনেকাংশে বাড়ার কথা। কিন্তু নানা সংকট ও জটিলতার কারণে ক্রমেই রাজস্ব আয় কমে যাচ্ছে। ব্যবসায়ীদের সব ধরনের মালামাল আমদানির অনুমতির পাশাপাশি বন্দরের সক্ষমতা বাড়ালে আগামীতে রাজস্ব ঘাটতি থাকবে না, বরং লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আদায় করা যাবে বলে আশা করছেন তিনি।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














