চালের আমদানি শুল্ক প্রত্যাহার, আবগারি শুল্ক মাত্র ৫%
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৮-২৮ ২১:৪২:৪৪
চাল আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি চাল আমদানিতে রেগুলেটরি ডিউটি বা আবগারি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
এর আগে গত জুন মাসে চালের ওপর আবগারি শুল্ক কমিয়ে ১০ শতাংশ করা হয়েছিল। এখন আরও ৫ শতাংশ কমিয়ে দেয়া হলো।
রোববার (২৮ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিমের সই করা অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে যা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।
নতুন আদেশ অনুযায়ী চাল আমদানিতে এখন রেগুলেটরি ডিউটি বা আবগারি শুল্ক ৫ শতাংশ, আগাম আয়কর ৫ শতাংশ এবং অগ্রিম কর ৫ শতাংশসহ মোট ১৫. ২৫ শতাংশ শুল্ক-কর দিতে হবে।
এই আদেশ অটোমেটেড চাল ছাড়া সব ধরনের চাল আমদানির ক্ষেত্রে প্রযোজ্য হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাল আমদানির আগে খাদ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মকর্তার অনুমোদন নিতে হবে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














