ভিয়েতনাম থেকে প্রায় আড়াই লাখ টন চাল কিনছে সরকার
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৮-৩০ ১৯:২২:৩৪
ভিয়েতনাম থেকে ২ লাখ ৩০ হাজার টন চাল আমদানি করছে সরকার। মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
আজ দুপুর আড়াইটার দিকে ঢাকায় নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত কৃষিমন্ত্রীর সঙ্গে তাঁর দপ্তরে বৈঠক করেন। বৈঠক শেষের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, ‘চাল আমদানির জন্য জিটুজি (দুই দেশের সরকার) চুক্তি হয়েছে।’
আব্দুর রাজ্জাক বলেন, ‘আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে ২ লাখ ৩০ হাজার টন চাল বাংলাদেশে পৌঁছাবে।’
তিনি বলেন, ‘চাল আমদানি ছাড়াও সেপ্টেম্বর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল দেওয়া হবে। এক কোটি পরিবারকে টিসিবির মাধ্যমে ৩০ টাকা কেজি দরে চাল দেওয়া হবে। একই সঙ্গে ওএমএসের মাধ্যমে সারাদেশে চাল বিক্রি করা হবে। আশা করি, এসব পদক্ষেপের কারণে চালের দাম কমে আসবে।’
রাতে সেচকাজে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কৃষকরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছেন কি না জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন, ‘অনেক জায়গায় পাচ্ছে। কিছু কিছু জায়গায়…। আমি মন্ত্রীর (বিদ্যুৎ প্রতিমন্ত্রী) সঙ্গে কথা বলেছি। আমাদের ময়মনসিংহে একটু সমস্যা আছে। গ্রিড লাইনে যেখানে উৎপাদন হয় সেখানে সমস্যা, যে পরিমাণ দরকার সেই পরিমাণ উৎপাদন হচ্ছে না। কাজেই দিতে পারছে না। এ রকম কিছু সমস্যা আছে। কিন্তু মোটামুটিভাবে গ্রামে গভীর রাতে যে সরবরাহ বাড়ানোর কথা সেটা বাড়ানো হয়েছে।’
জানা গেছে, ভিয়েতনাম থেকে আধাসিদ্ধ চাল কেনা হচ্ছে ২ লাখ টন। বাকি ৩০ হাজার টন আতপ চাল দেশটি থেকে কেনা হবে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














