আগস্টে রপ্তানি বেড়েছে ৩৬ শতাংশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৯-০৪ ১৭:৩৬:৩২


চলতি অর্থবছরের দ্বিতীয় মাস সমাপ্ত আগস্টেও রপ্তানিতে উচ্চ প্রবৃদ্ধির ধারা অব্যাহত আছে। মাসটিতে গত বছরের একই মাসের চেয়ে রপ্তানি বেশি হয়েছে ৩৬ শতাংশ। পণ্য রপ্তানি হয়েছে ৪৬১ কোটি ডলারের। এ আয় মাসটিতে সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৭ শতাংশের বেশি।

এদিকে আগস্টে বাণিজ্য মন্ত্রণালয়ের বেধে দেওয়া রপ্তানি লক্ষ্যমাত্রা ছিল ৪৩০ কোটি ডলার। রপ্তানি উন্নয়ন ব্যুরোর ( ইপিবি) হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। রোববার (৪ সেপ্টেম্বর) সংস্থার ওয়েবসাইটে রপ্তানির প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

বাংলাদেশ থেকে চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ৩৯৮ কোটি ৪৮ লাখ ২০ হাজার ডলারের পণ্য রফতানি হয়েছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১৪ দশমিক ৭২ শতাংশ বেশি।

প্রতিবেদন থেকে দেখা যায়, চলতি অর্থবছরের গত দুই মাসে (জুলাই-আগস্ট) রপ্তানি বেড়েছে আগের অর্থবছরের একই মাসের চেয়ে ২৫ শতাংশ। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আয় বেশি হয়েছে প্রায় ৫ শতাংশ। এই দুই মাসে রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৮৫৯ কোটি ডলার।

ইপিবির হালনাগাদ তথ্য বিশ্লেষণে দেখা যায়, এই অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে তৈরি পোশাক রফতানি থেকে এসেছে ৭১১ কোটি ২৬ লাখ (৭ দশমিক ১১ বিলিয়ন) ডলার। যা গত বছরের একই সময়ের চেয়ে ২৬ দশমিক ১ শতাংশ বেশি। লক্ষ্যের চেয়ে বেশি আয় হয়েছে ৭ দশমিক ২৪ শতাংশ।

পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম পাঁচ মাসে ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ৪৫ শতাংশ। এছাড়া এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক পণ্যের রফতানি বৃদ্ধি পেয়েছে ৬০ দশমিক ৩০ শতাংশ ।

এদিকে ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট এর তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত সময়ে বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের পোশাক পণ্য আমদানি ৪৪ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। এসময় পর্যন্ত আমদানি হয়েছে ৯৫৮ কোটি ডলারের পোশাক। এতে বৈশ্বিক পোশাক আমদানি বাড়ে ২৪ দশমিক ৩৭ শতাংশ।

এদিকে এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক পণ্যের রফতানি ৬০ দশমিক ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দেশটিতে ৫০১ কোটি ৯০ লাখ ৭ হাজার ডলারের তৈরি পোশাক রফতানি হয়েছে।

এএ