পোশাক রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৯-০৪ ১৮:৩৯:০৩


চলতি ২০২২-২৩ অর্থবছরের জুলাই-আগস্ট মাসে দেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ। রোববার (৪ সেপ্টেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইপিবির তথ্য বলছে, প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) ৭১১ কোটি ২৬ লাখ ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২৬ দশমিক ১ শতাংশ বেশি। এতে লক্ষ্যমাত্রার চেয়ে ৭ দশমিক ২৪ শতাংশ বেশি আয় হয়েছে।

পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম পাঁচ মাসে ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৪৫ শতাংশ। এছাড়া এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক পণ্যের রপ্তানি বৃদ্ধি পেয়েছে ৬০ দশমিক ৩০ শতাংশ ।

এদিকে ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট এর তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত সময়ে বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের পোশাক পণ্য আমদানি ৪৪ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। এসময় পর্যন্ত আমদানি হয়েছে ৯৫৮ কোটি ডলারের পোশাক। এতে বৈশ্বিক পোশাক আমদানি বাড়ে ২৪ দশমিক ৩৭ শতাংশ।

এদিকে এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক পণ্যের রপ্তানি ৬০ দশমিক ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দেশটিতে ৫০১ কোটি ৯০ লাখ ৭ হাজার ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে।

প্রতিবেদন থেকে দেখা যায়, চলতি অর্থবছরের গত দুই মাসে (জুলাই-আগস্ট) রপ্তানি বেড়েছে আগের অর্থবছরের একই মাসের চেয়ে ২৫ শতাংশ। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আয় বেশি হয়েছে প্রায় ৫ শতাংশ। এই দুই মাসে রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৮৫৯ কোটি ডলার।

এএ