হাইকোর্টে জাহাঙ্গীরের আগাম জামিন
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৯-০৫ ১৫:১৭:৫৪
মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে ফরিদপুরে করা মানহানির মামলায় গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) সাময়িক বরখাস্তকৃত মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (৫ সেপ্টেম্বর) জাহাঙ্গীর আলম আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান।
এর আগে, ৩১ আগস্ট এ মামলায় ফরিদপুর আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য তার নামে বিভিন্ন জেলায় করা মামলার সংখ্যা এ নিয়ে ৮টিতে দাঁড়িয়েছে।
গত ৪ আগস্ট মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে দায়ের করা ৭ মামলায় জাহাঙ্গীর আলম আগাম জামিন পান। ওইদিন পঞ্চগড়, রাজবাড়ী, গাজীপুর, নওগাঁ, মাদারীপুর, গোপালগঞ্জে দায়ের করা মামলায় তিনি জামিন পেয়েছিলেন।
গত ২৫ নভেম্বর জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মাদারীপুর আদালতে মামলা হয়। মাদারীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক বাবুল আখতার বাদী হয়ে এ মামলাটি করেন।
২০১৮ সালে অনুষ্ঠিত গাসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় প্রতীকে মেয়র নির্বাচিত হয়েছিলেন জাহাঙ্গীর আলম।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













