ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৯-০৫ ১৯:৩৬:২৬


গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৬ জনে।

সোমবার (৫ সেপ্টেম্বর) সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ১৫৭ জনই ঢাকার বাসিন্দা। এসময়ে ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ৫১ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা সর্বমোট ৮০৬ জনের মধ্যে ৬৭৪ জনই ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আর ঢাকার বাইরে রয়েছেন সর্বমোট ১৩২ জন রোগী।

জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে সারাদেশে মাত্র ১২৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়, এরপর ফেব্রুয়ারি মাসে ২০ জন, মার্চ মাসেও ২০ জন, এপ্রিল মাসে ২৩ জন। এরপর মে মাস থেকে আবারও সংক্রমণ কিছুটা ঊর্ধ্বগামী হতে থাকে, ওই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১৬৩ জন, জুন মাসে ৭৩৭ জন, জুলাই মাসে এক হাজার ৫৭১ জন এবং আগস্ট মাসে সর্বোচ্চ তিন হাজার ৫২১ জন। আর সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭২৪ জন।

এম জি