সুবিধাবঞ্চিত ৩০ নারী শিক্ষার্থীকে বৃত্তি দেবে এফবিসিসিআই
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৯-১০ ১৯:০৭:২৯
সুবিধাবঞ্চিত ও মেধাবী ৩০ নারী শিক্ষার্থীকে পড়ালেখার খরচ দেবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বাছাই করা এসব শিক্ষার্থী এফবিসিসিআইর বৃত্তির মাধ্যমে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ) পড়ালেখার সুযোগ পাবেন।
শনিবার (১০ সেপ্টেম্বর) এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের সঙ্গে এ সংক্রান্ত সমঝোতা স্মারক সই করেছে এফবিসিসিআই। এফবিসিসিআইয়েরর পক্ষে সভাপতি মো. জসিম উদ্দিন ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ইউপক্ষে উপাচার্য ড. রুবানা হক ৫ বছর মেয়াদি এ সমঝোতা স্মারকে সই করেন। এ সময় এফবিসিসিআইর সহ-সভাপতি মো. আমিন হেলালী, সালাউদ্দিন আলমগীর, মো. হাবীব উল্লাহ ডন, এম এ রাজ্জাক খান রাজ ও মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এফবিসিআইর সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ‘সামাজিক দায়িত্বের অংশ হিসেবে তৃণমূলের প্রান্তিক নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ করে দিতে এ উদ্যোগ নিয়েছে এফবিসিসিআই। এর মাধ্যমে সমাজে নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ আরও বাড়বে।’
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য ড. রুবানা হক বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্র পরিবারের সন্তানরা বাধা-বিপত্তি পেরিয়ে পড়াশোনা করেন। অন্তর্ভুক্তকরণকে প্রধান লক্ষ্য হিসেবে কাজ করা জরুরি বলে মনে করি।’
তিনি জানান, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ১৯টি দেশের প্রায় ১ হাজার ৩০০ শিক্ষার্থী পড়ালেখা করেন।
এর আগে স্বাগত বক্তব্যে এফবিসিসিআইর সাবেক সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আনিসুল হকের শিল্পখাতে ব্যাপক অবদানের কথা স্মরণ করে এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, ‘বিভিন্ন জেলা চেম্বার ও অ্যাসোসিয়েশনের অবকাঠামোগত উন্নয়নে তিনি যে ভূমিকা রেখেছেন তা ব্যবসায়ীরা সারাজীবন মনে রাখবেন।’
বৃত্তি দেওয়ার ক্ষেত্রে কুড়িগ্রামের দরিদ্র শিক্ষার্থীদের প্রাধান্য দিতে আহ্বান জানান মোস্তফা আজাদ চৌধুরী বাবু । ব্যক্তিগতভাবে ৫ জন শিক্ষার্থীর পড়ালেখার খরচ দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল আহমেদ বলেন, ‘দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের পেছনে রেখে দেশ এগোতে পারবে না। শিক্ষার মানোন্নয়ন ও উচ্চশিক্ষাকে সার্বজনীন করা বড় চ্যালেঞ্জ।’
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














