কথায় কথায় গুলি করবেন না: আইনশৃঙ্খলা বাহিনীকে ফখরুল

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৯-১১ ২১:২২:৩৭


আইনশৃঙ্খলা বাহিনীকে হুশিয়ারি দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেআইনি নির্দেশ নিয়ে কথায় কথায় গুলি করবেন না। র‌্যাবের ওপরে স্যাংশন এসেছে। ঠিক তেমনই যেকোনো বাহিনীর ওপরেও স্যাংশন আসতে পারে, যদি আইন না মেনে মানবাধিকার লঙ্ঘন করতে থাকে।

রোববার (১১ সেপ্টেম্বর) বিকেলে আব্দুল্লাহপুর পলওয়েল মার্কেটের সামনে বিএনপি ঢাকা মহানগর উত্তর আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, জনগণকে প্রতিপক্ষ বানাবেন না। জনগণ থেকেই আপনারা এসেছেন, জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন চলে, সংসার চলে। সুতরাং জনগণকে সম্মান করুন। শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেবেন না।

বিএনপি মহাসচিব বলেন, শান্তিপূর্ণ আন্দোলন করছি। চাল-ডাল-লবণ ও তেলের দাম কমানোর আন্দোলন করছি। ভোলায় ও নারায়ণগঞ্জে আমাদের ভাইকে হত্যা করা হয়েছে, তার বিচার করার জন্য আন্দোলন করছি। দেশের মানুষ গর্জে উঠেছে। নুরে আলমরা প্রাণ দিতে দ্বিধা করেনি। আমরা কেউ প্রাণ দিতে দ্বিধা করব না।

এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হবে না বলে উল্লেখ করে তিনি বলেন, নতুন নির্বাচন কমিশন গঠন করে সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন চাই। তা আমরা করব।

তিনি বলেন, সরকার অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। গত ১৫ বছরে এই সরকার সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। কারণ, তাকে সরকার ভয় পায়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, জয়নুল আবদিন ফারুক প্রমুখ।

এম জি