বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত সাজেদা চৌধুরী
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৯-১২ ২০:১০:৫১
জাতীয় সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীকে রাজধানীর বনানী কবরস্থানে চিরশায়িত করা হয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তার দাফন সম্পন্ন হয়।
সাজেদা চৌধুরীর মরদেহ বনানী কবরস্থানে পৌঁছালে স্যালুট জানায় পুলিশ৷
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
এদিন বিকেল ৫টায় মসজিদ বায়তুল মোকাররমে মাওলানা মো. রুহুল আমিনের ইমামতিতে জাতীয় সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর জানাজা সম্পন্ন হয়।
এ সময় সাজেদা চৌধুরীর ছেলে সাহদাব আকবর চৌধুরী লাবু মায়ের জন্য সবার কাছে দোয়া চান।
এর আগে, রোববার (১১ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান সৈয়দা সাজেদা চৌধুরী।
তার জন্ম ১৯৩৫ সালের ৮ মে। তিনি ১৯৫৬ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত৷ ১৯৬৯ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত তিনি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধকালে কলকাতা গোবরা নার্সিং ক্যাম্পের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন তিনি। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর ১৯৭৬ সালে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














