হাইকোর্টে ফের সেলিম খানের জামিন আবেদন
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৯-১৩ ১৭:৫৭:৪১
৩৪ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চাঁদপুর সদরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম খান আগাম জামিন চেয়ে ফের হাইকোর্টে আবেদন করেছেন।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়েছে। সেলিম খানের আইনজীবী মোমতাজ উদ্দিন ফকির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, এর আগে অবৈধ সম্পদ অর্জনের মামলায় চাঁদপুর সদরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম খানকে তিন সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট। তবে হাইকোর্টের আদেশে মামলা নম্বর ভুল থাকায় তার পক্ষে নতুন করে জামিন আবেদন করা হয়েছে।
সেলিম খানের বিরুদ্ধে ৩৪ কোটি ৫৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সহকারী পরিচালক আতাউর রহমান বাদী হয়ে গত ১ আগস্ট এ মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, সেলিম খান অবৈধ উপায়ে ৩৪ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ১১৯ টাকার সম্পদ তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে অর্জন করে নিজ ভোগদখলে রেখেছেন। এছাড়া তিনি ৬৬ লাখ ৯৯ হাজার ৪৭৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।
পরে ওই মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে সেলিম খান আবেদন জানান। তার সে আবেদনের শুনানি নিয়ে দুদকের দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় চাঁদপুর সদরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম খানকে তিন সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তার জামিন আবেদন খারিজ করে গত ১৪ আগস্ট বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
তবে সেই আদেশের অনুলিপিতে মামলা নাম্বার ভুল থাকার কারণে ফের সেলিম খানের পক্ষে হাইকোর্টে জামিন আবেদন করা হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













