পাম অয়েলের দাম কমলো

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৯-১৪ ১১:৩৫:৫৮


গত দুই সপ্তাহের ব্যবধানে পাম অয়েলের দাম কেজিতে কমেছে ১০ টাকার মতো। তবে খোলা ও বোতলজাত সয়াবিন তেল এখনও আগের দামেই বিক্রি হচ্ছে। মঙ্গলবার রাজধানীর শ্যামলী, আদাবর ও মহাখালী কাঁচাবাজারের দোকানগুলোতে এই দাম দেখা গেছে।

দোকানগুলোতে প্রতি কেজি খোলা পাম অয়েল বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫৫ টাকায়, যা সপ্তাহ দু-এক আগে বিক্রি হয় ১৫৫ থেকে ১৬৫ টাকা কেজি দরে। বর্তমানে প্রতি লিটারের হিসাবে দাম পড়ছে ১৩৩ থেকে ১৪৩ টাকার মতো।

বাজারের এ দর বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচার্স অ্যাসোসিয়েশনের নির্ধারিত দামের চেয়ে কম। গত ২৩ আগস্ট অ্যাসোসিয়েশন প্রতি লিটার পাম অয়েলের দাম নির্ধারণ করে ১৪৫ টাকা।

শ্যামলী বাজারের দোকানি রফিক বলেন, বাজারে পাম অয়েলের সরবরাহ বেড়েছে। তাই আগের চেয়ে দাম কিছুটা কমেছে। তবে সয়াবিন তেলের দাম কমেনি।

যদিও এক বছর আগের তুলনায় এখনও দাম বেশি। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ১৪ শতাংশ বেশি দামে বিক্রি হচ্ছে পাম অয়েল। গত বছরের এই সময়ে প্রতি লিটারে দর ছিল ১২৭ থেকে ১৩০ টাকা। এদিকে, আগের মতোই সয়াবিন তেল খোলা প্রতি কেজি ১৮৫ থেকে ১৯০, বোতলজাত প্রতি লিটার ১৯২ ও বোতলজাত ৫ লিটার ৯৪০ থেকে ৯৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

এম জি