মহাসড়কে তিন চাকার বাহন চলাচল বন্ধের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৯-২৬ ২০:৩২:৩৭


মহাসড়কে জনগণের জীবনের নিরাপত্তা দিতে নসিমন, করিমন এবং সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল বন্ধ করার সুপারিশ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। এ বিষয়ে আট বিভাগীয় কমিশনার, ডিআইজি ও অতিরিক্ত আইজিপির (হাইওয়ে) সমন্বয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সংসদ ভবনে স্থায়ী কমিটির ১৫তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

রওশন আরা মান্নানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এনামুল হক, মো. আবু জাহির, রেজওয়ান আহম্মদ তৌফিক, মো. ছলিম উদ্দীন তরফদার এবং সেখ সালাহউদ্দিন।

বৈঠকে বিআরটি প্রকল্পের সার্বিক কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা করা হয়। স্মার্ট ড্রাইভিং লাইসেন্স ছাপানো ও বিতরণে দীর্ঘসূত্রতায় অসন্তোষ প্রকাশ করে সংসদীয় কমিটি।

কমিটি সড়ক ও জনপথ অধিদপ্তরের নবনিযুক্ত কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য বুনিয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

এম জি