অবৈধ শাসকগোষ্ঠীর সিংহাসন এখন নড়বড়ে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৯-২৭ ১৯:২৮:১০
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অবৈধ শাসকগোষ্ঠীর সিংহাসন এখন নড়বড়ে। তাই ভয়াবহ দুঃশাসন টিকিয়ে রাখতেই নেতাকর্মীদেরকে গ্রেফতার এবং মিথ্যা মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নতুন উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু অনাচার, অবিচার ও লুটপাটকারী সরকারকে পরাজিত করতে বিএনপি নেতাকর্মীদেরকে কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না।’
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান নিপীড়ক সরকার পরিকল্পিতভাবে বিএনপিকে ধ্বংস করার জন্য নানামুখী নীলনকশা প্রণয়ন করে চলেছে। সরকার তাদের দুঃশাসনের প্রতিপক্ষ মনে করে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করে আটকে রাখছে। যাতে বর্তমান দুঃশাসনের বিরুদ্ধে সাহসী সংগ্রামে এগিয়ে যেতে না পারে।’
তিনি বলেন, মুন্সীগঞ্জ জেলাধীন শ্রীনগর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক লিমন মোড়ল, কোলাপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সনেট, সাবেক সহ-সভাপতি লেলিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মঞ্জিল, ছাত্রদল নেতা দিপু ও যুবদল নেতা রানাসহ ১২ জন নেতাকর্মীর জামিন নামঞ্জুর এবং কারাগারে প্রেরণের ঘটনা সরকারের চলমান দমন-পীড়ন ও নিষ্ঠুরতারই ধারাবাহিকতা।
তিনি আরও বলেন, ‘গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং দেশ পরিচালনায় চরম ব্যর্থতা আড়াল করতেই আওয়ামী ফ্যাসিস্ট সরকার নানা কায়দায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন অব্যাহত রেখেছে।’
এ ছাড়া বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলার সদস্য সচিব কামরুজ্জামান রতন এবং স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু পৃথক বিবৃতিতে ১২ নেতাকর্মীর জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণের ঘটনায় নন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














