‘স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন করে তুলেছে সরকার’
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১০-০৮ ১৫:০৯:১৮
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার গোটা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন করে তুলেছে। তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনে জনগণ যাদের চান তারাই পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় আসবে।
শনিবার (৮ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশে মানুষের কোনা নিরাপত্তা নেই। একজন নারী ফেসবুকে পোস্ট করায় রাতের বেলা তাকে ধরে নিয়ে যায়। আলেম ওলামাদের গ্রেপ্তারের সমালোচনা করে তিনি বলেন, বড়ই দুঃখের বিষয়, শুধু ইসলামের পক্ষে থাকার কারণে অনেক আলেম ওলামাদের গ্রেপ্তার করা হয়েছে। এসব কথা আমরা ভুলে যাইনি। আমরা ক্ষমতায় থাকাকালীন মসজিদভিত্তিক গণশিক্ষা ও পাঠাগার তৈরি করেছিলাম। মন্দিরেও পাঠাগার নির্মাণ করা হয়েছিলো।
তিনি বলেন, সরকার এখন বাহবা নিচ্ছে যে, তারা কওমি মাদ্রাসার জন্য অনেক কাজ করেছে। কওমি মাদ্রাসার দাওরা শিক্ষাকে মাস্টার্সের সম্মান দিয়েছে। কিন্তু এই কাজটা বিএনপির আমলে শেষ করা হয়েছে।
ফখরুল বলেন, দেশের বিভিন্ন গণমাধ্যমে যাতে দুর্নীতির কোনো খবর প্রকাশ না হয়, তারা তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করছেন। টিভি চ্যানেল ও পত্রিকাগুলোতে বলে দেওয়া হয়, কোন খবর যাবে কোনটা যাবে না। প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে গণতন্ত্র নিয়ে মিথ্যাচার করে। আসলে সরকার গোটা দেশে বর্গীদের মতো লুটের রাজত্ব কায়েম করেছে।
তিনি বলেন, চলমান কঠিন সময়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে ৩৫ লাখ মামলা দেওয়া হয়েছে। এসবের দায় শেখ হাসিনা ও সরকারের।
বিএনপি মহাসচিব বলেন, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। বুয়েটের ছাত্র নিহত আবরারের স্মরণে কর্মসূচি পালন করতে গেলে তাদের মঞ্চ ভেঙ্গে দিয়েছে ছাত্রলীগ। তারা ছাত্রদলের নেতা-কর্মীসহ উপস্থিত সকলকে পিটিয়েছে। চট্টগ্রাম ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তালা দিয়েছে। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














