রওশন জাতীয় পার্টির কেউ নন, বিরোধী দলীয় নেতাও নন: চুন্নু
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১০-০৮ ২০:৪৭:২৬
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, গঠনতন্ত্র অনুযায়ী বেগম রওশন এরশাদ এখন আর জাতীয় পার্টির কেউ নন। এমনকি জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতাও নন তিনি।
শনিবার (৮ অক্টোবর) বিকেলে দলটির প্রেসিডিয়াম সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে চুন্নু জানান, দলের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে বিরোধী দলীয় নেতা জিএম কাদের।
তার অভিযোগ, দলের গঠনতন্ত্র উপেক্ষা করে সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূতভাবে কাউন্সিল আহ্বান করেছেন রওশন এরশাদ। ১১ মাসের বেশি সময় ধরে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন রওশন এরশাদ শারীরিকভাবে এখনও পুরোপুরি ফিট না হলেও সাবেক রাষ্ট্রদূত ও জাপা নেতা গেলাম মসীহ্ ও কাজী মামুনুর রশিদসহ দলের বেশ কয়েকজন বহিষ্কৃত নেতার নেতৃত্বে দলের একটি অংশ রওশনকে রাজনীতির মাঠে রাখতে সাংগঠনিক তৎপরতা চলাচ্ছেন। ব্যাংককে চিকিৎসাধিক রওশন এরশাদের এক ভিডিও বার্তা সম্প্রতি প্রচার করেছেন তার অনুসারিরা তাতে তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও কথা বলেছেন। ইভিএমে ভোটের বিষয়ে উৎসাহ প্রদর্শন করেছেন।
বৃহস্পতিবার দলীয় পদ থেকে বহিষ্কৃতরা সংবাদ সম্মেলন করে তাদের অবস্থান জানান দিয়েছেন। প্রদর্শন করেছেন সাংগঠনিক শক্তি। রওশন এরশাদের ডাকা ২৬ নভেম্বরের কাউন্সিল (সম্মেলন) সফল করারও প্রস্তুতি নিচ্ছেন তারা। আর ওই কাউন্সিলের মাধ্যমে দলের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চান রওশনপন্থীরা। বিশেষ ছক করে সেই পথেই এগুচ্ছেন তারা। কিন্তু রওশন গ্রুপের এই কার্যক্রমকে পাত্তা দিচ্ছেন না জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তার বক্তব্য হচ্ছে, যারা রওশন এরশাদকে ব্যবহার করতে চায়, তারা দলের কেউ নয়। বহিষ্কৃত কিছু লোক বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। তবে এতে দলে কোনো প্রভাব পড়বে না।
এদিকে আজ (শনিবার) প্রেসিডিয়াম সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে আগামী নির্বাচনে তিনশ’ আসনে এককভাবে নির্বাচনের প্রস্তুতির কথা জানান মুজিবুল হক চুন্নু। বলেন, আওয়ামী লীগ কিংবা বিএনপি কারো সাথেই, এখন পর্যন্ত নির্বাচনী জোট করার সিদ্ধান্ত নেয়নি জাপা। নির্বাচনকালীন সরকার হিসেবে তত্ত্বাবধায়ক ব্যবস্থার বিষয়ে নেতিবাচক মনোভাবের কথাও জানান জাতীয় পার্টির মহাসচিব।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














