আ.লীগকে পরাজিত করার দুঃস্বপ্ন দেখে লাভ নেই: কাদের

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১০-১১ ১৪:৫৯:৩৯


ষড়যন্ত্রের পথ পরিহার করে নির্বাচনে না আসলে বিএনপি নেতারাই পালানোর পথ পাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, টেমস নদীর পাড়ে বসে রাজপথ থেকে উঠে আসা দল আওয়ামী লীগকে পরাজিত করার দুঃস্বপ্ন দেখে কোনো লাভ নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঙ্গলবার (১১ অক্টোবর) সচিবালয়ে ব্রিফিংকালে এসব কথা বলেন।

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরাজিত হতে শেখেননি। তিনি হার মানেন না, কখনও হার মানেনি- এমনটা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ রাজপথে ছিল, রাজপথে আছে এবং রাজপথে থাকবে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অতীতের যে কোনো সময়ের চেয়ে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। বাংলাদেশে সংবিধান আছে, গণতন্ত্র আছে। সংবিধান অনুযায়ীই যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ২০২৩ সালের শেষে অথবা ২০২৪ সালের শুরুতে সংবিধান সম্মত ভাবে সাধারণ নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা, প্রধান নির্বাচন কমিশন এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন।

বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, বর্তমান বৈশ্বিক সংকটের জন্য বাংলাদেশের মানুষের কষ্টকে পুঁজি করে সরকার পতনের আন্দোলনের খোয়াব দেখে লাভ নেই। তিনি বলেন, আজকের এই অর্থনৈতিক সংকট মোকাবেলায় শেখ হাসিনা সরকার সর্বাত্মক প্রয়াস অব্যাহত রেখেছে। এ দুর্দিন অচিরেই কেটে যাবে, দেশে আবারও সুদিন ফিরে আসবে।

দুর্নীতির অভিযোগে সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান লন্ডন থেকে ঘোষণা দিয়েছেন, টেক ব্যাক বাংলাদেশ। এ ঘোষণার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের টেক ব্যাক হলো দেশকে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেয়া, দেশকে হাওয়া ভবনের দুর্নীতির সাগরে নিমজ্জিত করা। তাদের টেক ব্যাক মানে সাম্প্রদায়িক রাজনীতি আর সংখ্যালঘুদের উপর নির্যাতনের উল্লাস। তাদের টেক ব্যাক মানে বাংলা ভাইদের অভয়ারণ্য প্রতিষ্ঠা, জঙ্গিবাদ কায়েম করা। বিএনপি আমলের সেই অন্ধকারে দেশের মানুষ আর ফিরে যেতে চায় না। লুটপাট আর রক্তপাতের বাংলাদেশ এদেশের মানুষ আর দেখতে চায় না বলে জানান ওবায়দুল কাদের।

নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে সংসদ নির্বাচন না দিলে আওয়ামী লীগ সরকার নাকি পালানোর পথও খুঁজে পাবে না- বিএনপি মহাসচিবের এমন উক্তির প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যদি লজ্জা থাকতো তাহলে তিনি নিশ্চয় ভাবতেন, পালানোর ইতিহাস বিএনপির, আওয়ামী লীগের নয়। আপনাদের নেতাই তো রাজনীতি করবে না বলে কাপুরুষের মতো মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছে।

এম জি