আগুন নিয়ে খেললে পরিণতি শুভ হবে না: কাদের
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১০-১২ ১৩:৪৫:১২
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগুন নিয়ে খেললে এর পরিণতি শুভ হবে না।
বুধবার (১২ অক্টোবর) রাজধানীর সেতু ভবনে ব্রিফিংকালে বিএনপি নেতাদের হুঁশিয়ার করে দিয়ে একথা বলেন সেতুমন্ত্রী।
বিএনপি বিভাগীয় সমাবেশের ডাক দেয়া প্রসঙ্গে যে কোনো শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনকে স্বাগত জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করলে মানুষের জান-মাল রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সমুচিত জবাব দিবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সংযমী তবে সতর্কতার সাথে প্রস্তুত রয়েছে রাজপথে।
নির্বাচনে হেরে যাবার ভয়ে বিএনপি এখন আন্দোলনের নামে সরকার হঠানোর চক্রান্ত করছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এখন গণঅভ্যুত্থানের দিবাস্বপ্ন দেখছে।
গণঅভ্যুত্থান আর আন্দোলনের ভয় বিএনপি গত ১৪ বছর ধরে দেখিয়ে আসছে এমন মন্তব্য করে ওবায়দুল কাদের আরও বলেন, তাদের এসব তর্জন-গর্জন মিডিয়া আর ফেসবুকে সীমাবদ্ধ। এ কথা বাংলাদেশের জনগণ ভালোই জানে।
বাস্তবতার সাথে বিএনপি নেতাদের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বস্তুত দেশে গণঅভ্যুত্থানের মত বস্তুগত পরিস্থিতি বিদ্যমান নেই।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














