বাস থেকে ফেলে যাত্রী হত্যা: চালক-হেল্পার রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১০-১৬ ১৮:০৮:৪১
রাজধানীর যাত্রাবাড়ীতে আবু সায়েম মুরাদ নামের এক যুবককে বাস থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে চাকায় পিষ্ট করে হত্যার অভিযোগে চালক শাহ আলম ও হেল্পার মোহন মিয়ার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুভ্রা চক্রবর্তীর আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক আব্দুর রহমান আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিদের পক্ষে রাজিবুল ইসলাম (ডায়মন্ড) রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের এক দিনের রিমান্ডের আদেশ দেন।
আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক মাহমুদুর রহমান এসব তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, গতকাল রাজধানীর যাত্রাবাড়ীতে ভাড়া নিয়ে বিবাদের ঘটনায় বাস সহকারীর ধাক্কায় ওই পরিবহনের নিচে পড়ে আবু সায়েম মুরাদ (৩৫) নামের এক যাত্রীর মৃত্যু হয়। তিনি ঢাকার মতিঝিলে একটি পোশাক কারখানায় কাজ করতেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













