বাংলাদেশের জ্বালানি ও গ্রিন এনার্জি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১১-০৩ ২১:৪১:০২
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, নবায়নযোগ্য জ্বালানি ও গ্রিন এনার্জি খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) নারায়ণগঞ্জে নির্মাণাধীন সামিট মেঘনাঘাট-২ পাওয়ার প্ল্যান্ট ও সামিট বিবিয়ানা পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
প্রকল্প এলাকা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আরও ছিলেন সামিট পাওয়ারের চেয়ারম্যান আজিজ খান ও জেনারেল ইলেক্ট্রিকের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপেশ নন্দ।
যুক্তরাষ্ট্র বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে আরও বেশি বিনিয়োগে আগ্রহী জানিয়ে পিটার হাস বলেন, নবায়নযোগ্য জ্বালানি ও ক্লিন এনার্জি খাতে বিনিয়োগে ব্যাপক আগ্রহ রয়েছে মার্কিন কোম্পানিগুলোর। বিনিয়োগের জন্য তারা রাজনৈতিক স্থিতিশীলতা, আইনের শাসন, দুর্নীতিমুক্ত পরিবেশ চায়। যাতে করে তারা বিনিয়োগের লভ্যাংশ নিশ্চিত করতে পারে।
মার্কিন কোম্পানি জেনারেল ইলেকট্রিকের সঙ্গে যৌথভাবে ৫৯০ মেগাওয়াট ক্ষমতার মেঘনাঘাট-২ বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাস্তবায়ন করছে সামিট পাওয়ার। জ্বালানির জন্য প্রকল্পটি থমকে যাবে না বলে আশা প্রকাশ করেন সামিট গ্রুপের প্রধান আজিজ খান।
অন্যদিকে জেনারেল ইলেক্ট্রিকের সিইও দীপেশ নন্দ বলেন, সর্বাধুনিক প্রযুক্তির এ কেন্দ্র থেকে সর্বনিম্ন পরিবেশ দূষণ হবে। ২০২৩ সালের জুন মাসে আমরা বিদ্যুৎ কেন্দ্রটি চালু করতে চাই।
এ কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনের নিশ্চয়তা রয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। আগামী জুনের শুরুতে ৫৯০ মেগাওয়াট ক্ষমতার মেঘনাঘাট ২ বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসছে। দেশীয় গ্যাস বা আমদানি করা এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) দিয়ে চালু হতে যাওয়া এ প্রকল্পে জ্বালানির সংকট হবে না বলে দাবি উদ্যোক্তাদের।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














