প্রধানমন্ত্রী বিচার ব্যবস্থায় বিশ্বাস করেন না: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১১-০৪ ১২:২৭:৩০


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী গণতন্ত্র ও বিচার ব্যবস্থায় বিশ্বাস করেন না বলেই খালেদা জিয়াকে জেলে ঢোকানোর মতো কথা বলেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রমাণিত হয়েছে, তিনি কতটা প্রতিহিংসা পরায়ণ।

শুক্রবার (৪ নভেম্বর) সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে গণতান্ত্রিক আন্দোলন দমন করতে চাইছে। ধর্মঘট দিয়ে বরিশালে সব ধরনের পরিবহন বন্ধ তারই লক্ষণ।

তবে সরকারের এমন নৈরাজ্য-অত্যাচারের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, যেকোনো ত্যাগের বিনিময়ে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। ব্যর্থতার দায় নিয়ে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করারও আহ্বানও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এম জি