ডিএমপি কমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১১-১৫ ১২:০৯:৩৭


দেশব্যাপী গণসমাবেশের অংশ হিসেবে আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশের অনুমতির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির নেতারা।

মঙ্গলবার (১৫ নভেম্বর) মিন্টো রোডের ডিএমপি কমিশনারের কার্যালয়ে প্রবেশ করেন বিএনপির নেতারা।

বিএনপির পক্ষ থেকে বৈঠকে অংশ নিয়েছেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আব্দুস সালাম, দক্ষিণের আহ্বায়ক আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, প্রচার সম্পাদক ও বিএনপি মিডিয়া সেল সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সদস্যসচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনু প্রমুখ।

জানা গেছে, সমাবেশের অনুমতিসহ বেশ কিছু বিষয় নিয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে আলোচনা করবেন বিএনপির নেতারা।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্যবৃদ্ধির প্রতিবাদে চলমান আন্দোলনে বিএনপির পাঁচ কর্মী নিহতের প্রতিবাদে গত ২৮ সেপ্টেম্বর বিভাগীয় গণসমাবেশের ঘোষণা দেয় বিএনপি।

এরপর চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় ১০ ডিসেম্বর ঢাকায়, ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহীতে গণসমাবেশ করবে দলটি।

এম জি