‘আগামী বছরগুলোতে বিদ্যুৎ সমস্যা থাকবে না’

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-০৪ ১৪:৪৭:১৭


বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দেশে আগামী বছরগুলোতে মানসম্মত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে। বিদ্যুৎ সমস্যা থাকবে না। উত্তরাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে।

তিনি বলেন, আমরা সামনে ভেড়ামারা থেকে বিদ্যুৎ পাব, নিউক্লিয়াস থেকে বিদ্যুৎ পাব, আমদানি থেকে বিদ্যুৎ আসবে। আশা করছি ভালো সরবরাহ করতে পারব।

রোববার (৪ ডিসেম্বর) রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘নেসকো টুওয়ার্ড ২০৪১, চ্যালেঞ্জ এন্ড ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (নেসকো)।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, এখন যত্রতত্র শিল্প কারখানা গড়ে উঠেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে যত্রতত্র শিল্প কারখানায় সংযোগ না দেয়ার। সে বিষয়টা মাথায় রাখার দরকার। নেসকো এলাকায় ২৭ হাজার সেচ পাম রয়েছে। সেসব সেচ পাম্পে কিভাবে সোলার সিস্টেমে নিয়ে আসা যায় তার একটা চিন্তা মাথায় রাখতে হবে।

তিনি আরও বলেন, কিভাবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা যায় সে ধরনের পরিকল্পনার অংশ হিসেবে নেসকোর আজকের এই সেমিনার। আমি মনে করি নেসকো খুব যুগোপযোগী একটি সেমিনারের আয়োজন করছে। তারা স্মার্ট বিদ্যুৎ বিতরণে যে পরিকল্পনা নিয়েছে তা সুফল নিয়ে আসবে।

এম জি