জামালপুর অর্থনৈতিক অঞ্চল

৯৩ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ফার্ভেন্ট মাল্টিবোর্ড

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-০১ ২০:৫৬:৩৪


বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এবং ফার্ভেন্ট মাল্টিবোর্ড ইন্ডাস্ট্রিজ লি. এর মধ্যে জামালপুর অর্থনৈতিক অঞ্চলে মোট ৬০ একর জমি বরাদ্দে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার (১ জানুয়ারি) বেজা কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বেজা’র পক্ষে চুক্তি স্বাক্ষর করেন নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মোঃ আলী আহসান এবং ফার্ভেন্ট মাল্টিবোর্ড ইন্ডাস্ট্রিজ লি –এর পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস এম মাহবুবুল আলম।

ফার্ভেন্ট মাল্টিবোর্ড ইন্ডাস্ট্রিজ লি ২০২১ সালে তাদের কার্যক্রম শুরু করে। ৬০ একর জমিতে প্রায় ৯৩ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হবে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। সার্বিক কর্মকান্ডে প্রায় ১০০০ মানুষের কর্মসংস্থান হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রতিষ্ঠানটির বিনিয়োগের মূল ক্ষেত্র হল Wood & Jutex Particle Board, Melamine Faced Chipboard, Veneered Board সহ নির্মাণ সামগ্রী।

বরাদ্দকৃত জমিতে শিল্প নির্মাণের পাশাপাশি প্রশাসনিক ভবন, ওয়্যারহাউস, লজিস্টিক এলাকা, বর্জ্য ব্যবস্থাপনা, পানি শোধনাগার, সড়ক, ডরমিটরি, এবং সবুজায়ন করা হবে। পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব রোধে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি ‘পরিবেশ ব্যবস্থাপনা পরিকল্পনা’(Environmental Management Plan) গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ফার্ভেন্ট মাল্টিবোর্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক।

বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন ফার্ভেন্ট মাল্টিবোর্ড ইন্ডাস্ট্রিজ লি –এর সাথে চুক্তি স্বাক্ষরের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, ২০২৩ সাল শুরুর প্রথম দিনে অর্থাৎ নববর্ষে এই চুক্তি স্বাক্ষর বেজা’র জন্য অত্যন্ত আনন্দের। তিনি আরো বলেন, দেশের অন্যতম স্বনামধন্য হাই-টেক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক এই শিল্পের সাথে রয়েছেন এবং তিনি তাঁর অভিজ্ঞতার আলোকে Fervent Multiboard Industries-কে বিশ্বের দরবারে নিয়ে যাবেন বলে বেজা আশা করে। তিনি প্রতিষ্ঠানটিকে তাদের উন্নয়ন কার্যক্রম দ্রুত শুরু করার জন্য আহ্বান জানান।

নির্বাহী চেয়ারম্যান বলেন, বেজা বাংলাদেশে বিনিয়োগ-বান্ধব সুস্থ পরিবেশ গড়ে তুলতে সমর্থ হয়েছে, আর তাই প্রতিনিয়তই পরিকল্পিত শিল্প নির্মাণের জন্য বেজা’র আওতায় জমির চাহিদা বাড়ছে। তিনি উল্লেখ করেন, জামালপুরে একটি স্বয়ংসম্পূর্ণ অর্থনৈতিক অঞ্চলে গড়ে তোলার জন্য ইউটিলিটিসহ সকল সুবিধা বিনিয়োগকারীদের দোড় গোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, এই অঞ্চল উন্নয়নের ফলে প্রত্যন্ত এলাকার মানুষ শিল্পায়নের সুবিধা ভোগ করবে। তিনি শা প্রকাশ করেন, এর ফলে অন্তর্ভূক্তিমূলক অর্থনীতির একটি নতুন ক্ষেত্র প্রস্তুত হবে এবং জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধির পাশাপাশি টেকসই উন্নয়নের লক্ষ্যসমূহ পূরণ হবে।

শেখ ইউসুফ হারুন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২০ নভেম্বর ও ৬ ডিসেম্বর ২০২২ বেজার আওতাধীন বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কর্মকান্ডসহ আনুষ্ঠানিকভাবে বেশ কয়েকটি শিল্পের বাণিজ্যিক উৎপাদন উদ্বোধন করেছেন এবং বেজা’র সামগ্রিক কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

উল্লেখ্য, জামালপুর অর্থনৈতিক অঞ্চল ময়মনসিংহ বিভাগের সর্বপ্রথম বাস্তবায়নাধীন সরকারি অর্থনৈতিক অঞ্চল। জোনটি সর্বমোট ৪৩৬ একর জমির উপর প্রতিষ্ঠিত হবে। জোনটির সফল বাস্তবায়নে প্রত্যক্ষভাবে প্রায় ৩২০০০ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। জোনটি কৃষি ভিত্তিক শিল্প, লাইট ইঞ্জিনিয়ারিং, গার্মেন্টস ছাড়াও বিভিন্ন শিল্পের জন্য উপযুক্ত বলে সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ অঞ্চলে গ্যাস সংযোগ লাইন, ৩৩/১১ কেভিএ বিদ্যুৎ সাব-স্টেশন, প্রশাসনিক ও ডরমেটরি ভবন, ভূমি উন্নয়ন, গ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, বাউন্ডারি ওয়াল নির্মাণকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ইতোপূর্বে এ অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনে ৯টি প্রতিষ্ঠানের সাথে লিজ চুক্তি স্বাক্ষর হয়েছে এবং আরো ৬টি প্রতিষ্ঠানের অনুকূলে লেটার অফ এলোটমেন্ট প্রদান করা হয়েছে।

এএ