স্পিকারের সঙ্গে মন্ত্রিপরিষদ সচিবের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-০১ ২১:৩৭:৫১
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার সংসদ ভবনস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। রোববার (১ জানুয়ারি) ইংরেজি নববর্ষের উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন তারা।
সাক্ষাৎকালে তারা দেশের চলমান উন্নয়ন, বাণিজ্যমেলা ২০২৩, নারীদের অগ্রগতি, নতুন কর্মসংস্থান সৃষ্টি ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, করোনা ও ইউক্রেন যুদ্ধের কারণে অনেক দেশের অর্থনীতি হিমশিম খেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। মেট্রোরেলের যাত্রা শুরুর মাধ্যমে বাংলাদেশে নতুন ধারা সূচিত হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার স্পিকারকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত করতে জাতির পিতা ও মুক্তিযুদ্ধের ডকুমেন্টারি প্রদর্শনের মাধ্যমে ডিজিটাল মেলা চলমান। দেশের প্রত্যন্ত অঞ্চলে ই-কমার্স সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রান্তিক মানুষের পণ্য সারা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্দেশে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ১১ হাজার উদ্যোক্তা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছে। ডিজিটাল বাংলাদেশের সুফল আজ সকলেই পাচ্ছে।
এসময় বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














