সুইজারল্যান্ডের জেনেভায় পিঠা উৎসব
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-২৭ ১৬:৫৮:১০
জেনেভার বাংলা পাঠশালায় অনুষ্ঠিত হয়েছে বাঙালির ঐতিহ্যবাহী পিঠা উৎসব। গত রোববার (২২ জানুয়ারি) জেনেভায় বসবাসরত বাঙালি পরিবারগুলোর অংশগ্রহণে উৎসবমুখর এ আয়োজনে হরেকরকম পিঠার পাশাপাশি ছিল চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠান।
পুনর্গঠিত বাংলা সুইস কালচারাল এসোসিয়েশন (বিএসসিএ)-এর আয়োজনে, সভাপতি রিয়াজুল হক ফরহাদ এর নেতৃত্বে, সাধারণ সম্পাদক এহতেশামুল হক এর সঞ্চালনায় এবং আরিনুল হক ও ফারানা হক এর সার্বিক সহায়তায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে বাংলা পাঠশালার শিক্ষার্থী মাদিহা, নিতু, আফসার, দিলারা, সুনিষ্কা, বিভোর, রোদেলা এবং অতিথি শিল্পীরা।
জেনেভা পাঠশালা ২০১৩ সাল থেকে প্রবাসী বাঙালি পরিবারের শিশুদের বাংলা ভাষার পাঠদানসহ নিয়মিত সাংস্কৃতিক শিক্ষা ও কার্যক্রমের আয়োজন করে আসছে। বাংলা পাঠশালার ১০ বছর পূর্তিতে মূল সংগঠন বাংলা সুইস কালচারাল এসোসিয়েশন বাংলাদেশ ও ভারতের বাংলাভাষীদের সমন্বয়ে নতুন রূপে পুনর্গঠিত হয়ে বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে। বাংলা পাঠশালার পরবর্তী আয়োজন ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














