ঢাকায় বিজনেস সামিটে অংশ নেবে সৌদি ডেলিগেশন

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০২-০৯ ২০:৩৯:১০


আগামী মার্চ মাসে এফবিসিসিআইয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিতব্য ‌‌‘বিজনেস সামিট-২০২৩’ এ সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী ড. মাজেদ বিন আব্দুল্লাহ আলকাসাবির নেতৃত্বে একটি বড় ডেলিগেশন অংশ নেবে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের অ্যাম্বাসেডর ইসা ইউসেফ ইসা আলদুহাইলান মতবিনিময় করেন। এ সময় মন্ত্রীকে এ তথ্য জানান সৌদি অ্যাম্বাসেডর।

মতবিনিময়কালে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, সৌদি আরব বাংলাদেশের বন্ধুরাষ্ট্র এবং দীর্ঘদিনের বৃহৎ ব্যবসায়িক ও উন্নয়ন সহযোগী। সৌদি আরবে বাংলাদেশের তৈরি পোশাক, বেকারি আইটেম, সবজি, জুস, পাটপণ্যসহ বেশ কিছু পণ্য রপ্তানি হয়। এদেশ থেকে বিপুল সংখ্যক জনশক্তি সৌদি আরবে কর্মরত আছেন। বাংলাদেশ সৌদি আরব থেকে পেট্রোলিয়াম ওয়েলস, পেট্রোলিয়াম গ্যাস, ফার্টিলাইজার, খেজুরসহ বিভিন্ন পণ্য আমদানি করে থাকে। স্পেশাল ইকোনোমিক জোন গড়ে তুলতে আরও বেশি সৌদি বিনিয়োগ প্রত্যাশা করে বাংলাদেশ।

মন্ত্রী বলেন, ‘গত ২০২১-২০২২ অর্থবছরে বাংলাদেশ ২৯০ দশমিক ৬৪ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য সৌদি আরবে রপ্তানি করেছে, একই সময়ে এক হাজার ৬৯৩ দশমিক ২৬ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য আমদানি করেছে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থানে একশটি স্পেশাল ইকোনোমিক জোন গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলছে, কয়েকটির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এগুলোতে আরও বেশি সৌদি বিনিয়োগ প্রত্যাশা করে বাংলাদেশ।’

টিপু মুনশি আরও বলেন, ‘বাংলাদেশে পর্যাপ্ত দক্ষ জনশক্তি রয়েছে, বাংলাদেশ বিভিন্ন পণ্যের একটি বড় বাজার। বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশে সরকার বিভিন্ন ধরনের আকর্ষণীয় সুযোগ সুবিধা প্রদান করছে। আগামী মার্চ মাসে ঢাকা অনুষ্ঠিত হতে চলা বিজনেস সামিটে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সাউদের নেতৃত্বে একটি বড় ডেলিগেশন অংশগ্রহণ করবে।’

সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আলদুহাইলান এ সময় বলেন, ‘বিনিয়োগ ও ব্যবসাবাণিজ্যের ক্ষেত্রে সৌদিআরব বাংলাদেশকে অধিক গুরুত্ব দিয়ে থাকে। বাংলাদেশে অনুষ্ঠিত হতে চলা বিজনেস সামিটে সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী ড. মাজেদ বিন আব্দুল্লাহ আলকাসাবির নেতৃত্বে একটি বড় ডেলিগেশন অংশগ্রহণ করবে।’

এর আগে বাণিজ্যমন্ত্রীর অফিস কক্ষে তাঁর সঙ্গে ঢাকায় সফররত গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. মামাদৌ তানগারার নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উভয় দেশের ব্যবসাবাণিজ্য এবং বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে মত বিনিময় করা হয়।

এএ