বঙ্গবাজারে অগ্নিকাণ্ড: এফবিসিসিআই-ডিসিসিআই’র দুঃখ প্রকাশ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৪-০৪ ১৯:৫২:৪৭


রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর দুঃখ ও সমবেদনা জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে সংগঠন দুটি। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। ঈদের আগে এ দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য অপূরণীয় ক্ষতি বলেও জানানো হয়।

এছাড়া আগুন নিয়ন্ত্রণ এবং অগ্নিকাণ্ডে হতাহতদের উদ্ধারে যথেষ্ট আন্তরিক ও দায়িত্বপূর্ণ ভূমিকার জন্য ফায়ার সার্ভিস, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং এফবিসিসিআই সেফটি কাউন্সিলসহ সাহায্যকারী সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

ডিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তার অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করেন। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে এরই মধ্যে কয়েক হাজার দোকানপাট পুড়ে ছাই হয়েছে। ফলে অনেক ব্যবসায়ী ও দোকানমালিক নিঃস্ব হয়ে গেছেন। আসন্ন ঈদুল ফিতরের প্রাক্কালে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় সর্বস্ব হারিয়ে ফেলা ব্যবসায়ীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তিনি আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সমন্বিত উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানান।

এএ