গরুর মাংস ৮০০, বেড়েছে সবজির দামও

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৪-১৪ ১৫:৫১:৪৭


সপ্তাহের ব্যবধানে বেড়েছে গরুর মাংসের দাম। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। এক সপ্তাহ আগেও যার কেজি ছিলো ৭৫০ টাকা। এদিকে স্বস্তি ফেরেনি সবজির বাজারেও। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি সবজিতে অন্তত ১০-২০ টাকা বেড়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) সকালে রাজধানীর শ্যামলী, কল্যাণপুর, মোহাম্মদপুরসহ বিভিন্ন বাজার ঘুরে এই বাজারদর দেখা গেছে।

বাজারগুলোতে দেখা যায়, খাসির মাংস বিক্রি হচ্ছে এক হাজার ২০০ থেকে এক হাজার ২৫০ টাকা প্রতি কেজি। তবে বকরির মাংস পাওয়া যাচ্ছে এক হাজার ৫০ থেকে এক হাজার ১০০ টাকায়।

প্রতি কেজি কাঁকরোল বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকায়। ধুন্দল বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। এছাড়া বরবটি, ভেন্ডি, কচুর লতি, উচ্ছে, সজনে ডাঁটা, ঝিঙ্গা ও চিচিঙ্গা ৮০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। তবে পটল, বেগুন ও একপিস ফুলকপি কোথাও ৬০ টাকা আবার কোথাও কোথাও ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।

প্রতি কেজি দেশি শসা বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। এছাড়া প্রতি কেজি দেশি টমেটো ৬০ টাকা, কাঁচা মরিচ ৮০ থেকে ১২০, আলু ২৫ থেকে ৩০, পেঁপে ৪০ থেকে ৫০ এবং প্রতিটি লাউ ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

মাছের বাজারে খোঁজ নিয়ে দেখা যায় সেখানেও আসেনি স্বস্তি। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে মাছ। পাশাপাশি প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকার মধ্যে।

এম জি