আইসিএসবি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় এর মধ্যে সমঝোতা স্মারক সই
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৪-১৪ ২১:৫৬:৫৬
ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) আইসিএসবি-এর প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ উল্লাহ এফসিএস এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়-এর ব্র্যাক বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. স্যাং হুন লি পারস্পরিক সহযোগিতার জন্য সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন।
ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং আইসিএসবি অভিন্ন একাডেমিক কার্যক্রমে যৌথভাবে সহযোগিতা করতে আগ্রহী। ব্র্যাক বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থীগণ আইসিএসবি কর্তৃক প্রদত্ত চার্টার্ড সেক্রেটারি কোর্স এ অংশগ্রহণ করতে পারবে। এছাড়াও তারা একে অপরকে কারিকুলাম ও রিসোর্স ডেভেলপমেন্ট, ওয়ার্কশপ, সেমিনার, কনফারেন্স আয়োজনে সহায়তা করবে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়-এর ব্র্যাক বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. স্যাং হুন লি আশা প্রকাশ করেন যে এই সমঝোতা স্মারকটি আইসিএসবি এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়-এর মধ্যে একটি শক্তিশালী বন্ধন তৈরি করবে যা উভয় প্রতিষ্ঠানকেই উপকৃত করবে।
আইসিএসবি-এর প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ উল্লাহ এফসিএস এ উদ্যোগ নেওয়ার জন্য শিক্ষা কমিটির চেয়ারম্যান এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়কেও তাদের সম্পৃক্ততার জন্য ধন্যবাদ জানান।
আইসিএসবি-এর শিক্ষা কমিটির চেয়ারম্যান আবুল ফজল মোহাম্মদ রুবাইয়াত এফসিএস ইনস্টিটিউট সম্পর্কে ব্র্যাক বিশ্ববিদ্যালয়-এর উপস্থিত কর্মকর্তাদের অবহিত করেন এবং আইসিএসবি এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানান। তিনি এ ধরনের উদ্যোগের গুরুত্বের ওপর জোর দেন যা সামনের দিনে উভয় প্রতিষ্ঠানের জন্য সহায়ক হবে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














